ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের নির্বাচনে কারচুপির অভিযোগ আমলে নিয়ে সংশ্লিষ্ট ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই আসনের পরাজিত প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের আবেদনের পরিপ্রেক্ষিতে ইসিকে এই নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে মহামান্য হাইকোর্টের বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। একই সঙ্গে এ ঘটনায় বিজয়ী প্রার্থী সালমান ওমর রুবেলকে নোটিশ দিয়ে বিষয়টি অবহিত করেছেন আদালত। ব্যারিস্টার মো. মোক্তাদির রহমান আইনজীবী হিসেবে মামলার শুনানিতে অংশগ্রহণ করেন বলে জানিয়েছেন আবেদনকারী সৈয়দ এমরান সালেহ প্রিন্স। খবরের সত্যতা নিশ্চিত করে তিনি আরও বলেন, নির্বাচনে কারচুপির অভিযোগ আমলে নিয়ে আদালত নির্বাচনী সরঞ্জামাদি ইসিকে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। আশা করছি খুব দ্রুত বিষয়টি আরও স্পষ্ট হবে। এ বিষয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলীনূর খান বলেন, সংশ্লিষ্ট ব্যালট পেপার ও রেজাল্ট শিট যথাসময়ে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে দাখিল করা হয়েছে। এখন আইন অনুযায়ী যেকোনো নির্দেশনা প্রতিপালন করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রসঙ্গত, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনে বিএনপি দলীয় ধানের শীষের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স ১ লাখ ১ হাজার ৯২৬ ভোট পেয়ে পরাজিত হন। তার সঙ্গে ঘোড়া প্রতীকে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ১ লাখ ৮ হাজার ২৬৫ ভোট পেয়ে জয় লাভ করেছেন ব্যবসায়ী সালমান রুমর রুবেল
